বইটির বিবরণ
শিশুর মন হচ্ছে কুমারী মৃত্তিকা। অরণ্য-নদী-আরণ্য প্রকৃতি বিষয়ে ভালোবাসা সৃজনের বীজ শিশুমনেই রোপণ করতে হয়। তা করতে হয় গল্প বলে। বড়োই সহজ সে পন্থা। কিন্তু সহজ কাজটা করার মানুষ নেই। আর তা বুঝেই লেখক অমরেন্দ্র চক্রবর্তী লিখেছেন আমাজনের জঙ্গলে। এ লেখার মধ্য দিয়ে আজকের দুনিয়ার নির্মম সত্যও জানিয়ে দেন তিনি। আমাজনের অরণ্যসন্তানরা বোতোর আশ্রয়ে থাকে। গাছপালা-ফলমূলের বিষয়ে সব জানে তারা। ভারত থেকে ব্রাজিলে বেড়াতে আসা কিশোরটিও আদিবাসী কিশোর উবার কাছ থেকে ঘটনাচক্রে জানতে পারে সেসব। চিরহরিৎ এ জঙ্গলের প্রতি কিশোরটির প্রেম জেগে ওঠে ক্রমশ। এদিকে জঙ্গল যারা কেটে ফেলতে চায় তারা একদিন হেলিকপ্টারে এসে জোর করে কিশোরটিকে ধরে নিয়ে যায়। কিশোরটি কি পারবে কলকাতায় তার মা-বাবার কাছে শেষ পর্যন্ত ফিরে যেতে?
লেখকের পরিচিতি

ভারতের সাহিত্য অকাদেমি-সহ একাধিক পুরস্কারপ্রাপ্ত সব বয়সের ছোটোদের কয়েকটি বিখ্যাত বইয়ের লেখক। তাঁর রচিত শাদা ঘোড়া, ঋষিকুমার ও হীরু ডাকাত প্রথম প্রকাশের সুবর্ণজয়ন্তী পার করে আজও বাঙালির ঘরে ঘরে সমান জনপ্রিয়। বড়োদের জন্যও একাধিক উপন্যাস ও কবিতার বই লিখেছেন অমরেন্দ্র চক্রবর্তী। অ্যান্টার্কটিকা, আফ্রিকা, আলাস্কা-সহ প্রায় সারা পৃথিবী ঘুরে তাঁর তোলা ভ্রমণচিত্রগুলোও বিশেষ জনপ্রিয়।
কবিতা-পরিচয়, কর্মক্ষেত্র, ভ্রমণ, কালের কষ্টিপাথর, ছেলেবেলা প্রভৃতি পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তীর একাধিক বই বিভিন্ন ভারতীয় ভাষা ছাড়াও ইংরেজি, জার্মান, মোঙ্গোলীয়, জাপানি, জর্জিয়ানসহ বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।