বইটির বিবরণ
ষাট দশকের সাদাকালো ছবির মতো স্বচ্ছ ছিল যে মধ্যবিত্ত পরিবারগুলো এ তাদেরই হেঁশেলের চিত্র। তখন একান্নবর্তী ও একক পরিবারগুলো পাটিতে বা চেয়ার-টেবিলে বসে কাঠের আগুন বা কাঠের ভুসির চুলোয় রান্না করা যে খাবারগুলো খেত তারই রেসিপি পাবেন এখানে। পাবেন আশির দশকে সেই পরিবারগুলোতেই প্রেশার কুকার, ফ্রিজ ইত্যাদির আগমনে যে বিবর্তন এসেছিল তার নমুনাও। সীমিত সুযোগ, তৈজস ও উপকরণে কীভাবে স্বাদে বৈচিত্র্য, পরিবেশনায় ভিন্নতা এবং উৎসবে আনন্দ আনা যায় তার আন্তরিক ও আনন্দময় প্রচেষ্টার নিদর্শন এ গ্রন্থ।
লেখকের পরিচিতি

শামীম আজাদ বিলেতে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত। তিনি একাধারে কবি, লেখক, স্টোরিটেলার ও ক্রিয়েটিভ রাইটিংয়ের প্রশিক্ষক। কবিতা, উপন্যাস, ছোটোগল্প, প্রবন্ধ, নাটক, অনুবাদ, শিশুতোষ গ্রন্থ ও সম্পাদনা গ্রন্থ মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা প্রায় চল্লিশ। এর মধ্যে হে যুবক তোমার ভবিষ্যৎ, মধ্যবিত্ত বদলে যাচ্ছে, দুই রমণীর মধ্য সময়, ওম, রাণীর দেশে রঙিন বেশে, বংশবীজ, পকেটভরা পাপড়ি, শামীম আজাদ এর ১০০ প্রেম অপ্রেমের কবিতা, বুথী দ্য বার্গেন্ডী চিতা, আ ভক্সাল কোরাস ও কইন্যা কিচ্ছা বহুল আদৃত। আমেরিকার বিখ্যাত সাময়িকী 'দ্য নিউইয়র্কার'-এ তাঁর কবিতার অনুবাদ প্রকাশিত হয়েছে। ২০০৭ সাল থেকে শুরু করে আজও বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অমর করে রাখার জন্য হয়ে উঠেছে এক অনন্য কর্মসূচি। কবি শামীম আজাদের উল্লেখযোগ্য সম্মাননা ও অর্জনের মধ্যে রয়েছে: বাংলাদেশে বিচিত্রা অ্যাওয়ার্ড ফর ফ্যাশন জার্নালিজম, বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার ও নেত্রকোণার জলসিঁড়ি পাঠাগারের 'কাব্যব্রতী' সম্মাননা উল্লেখযোগ্য। আর বিলেতে সিভিক অ্যাওয়ার্ড, বাংলাদেশি হুজ হু অ্যাওয়ার্ড, এথেন্সের 'আ পোয়েটস' আগোরার আবাসিক কবির সম্মাননা ও ইংল্যান্ডের ন্যাশনাল লটারি অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।
