বইটির বিবরণ
মানব জন্মের এক পবিত্র অনুভূতির নাম প্রেম। বড়ো বিচিত্রভাবে আমাদের জীবনে প্রেম আসে, কখনো ঝড়ের মতো সশব্দে, কখনো সন্তর্পণে, নীরবে। কখনো নিঃশব্দ চরণে। নিঃশব্দে আসা প্রেমগুলো, নিঃশব্দ আকাশের দূরের তারাদের মতোই ম্রিয়মাণ। চাঁদের মতো উদ্ভাসিত হওয়ার অবকাশ পায় না, মিটমিট করে জ্বলে, বহুদূর থেকে আলো দিয়ে যায়। আবার কখনো গর্জে-বর্ষে দুকূল প্লাবিত করে বন্যার জলের মতো প্রেম আসে। তারপর সবকিছু লন্ডভন্ড করে দিয়ে কাঁদিয়ে-ভাসিয়ে যেমন সশব্দে এসেছিল তেমন সশব্দে চলে যায়। পড়ে থাকে প্রেমময় স্মৃতি, কালের ধুলোয় সে প্রেম একটুও মলিন হয় না। আমাদের চারপাশের মানুষের প্রেমময় জীবনের কিছু গল্প নিয়ে এই সংকলন। গল্প পাঠে মনে হবে এ যেন আমাদের জীবনেরই গল্প। এই গল্পে যেমন নীরা, জয়া, নিলুফার, বন্যা, রুবিরা আছে তেমনি আছে দেবদাস, কামাল, সমীর, রকি, বিপ্লবরা। আছে আমাদের সময়ের রাজনৈতিক-সামাজিক অবক্ষয়ের চিত্র। সেইসঙ্গে আছে আমরা যাকে 'গোল্ডেন টাইম' বলি সেই গোল্ডেন টাইম বা সোনালি সময়ের ছবি। আর এদের সবার সঙ্গেই আছি আমি আলোর মতন, হাসির মতন, কুসুমগন্ধরাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন...
লেখকের পরিচিতি

জন্ম ১৯৬৮ সালের ৬ জানুয়ারি, বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারে। স্বপ্ন আর সঙ্গতির সংঘাতে বেড়ে ওঠা। ১৯৯৪ সাল থেকে সিঙ্গাপুরে বসবাস। শিল্প-সাহিত্যের প্রতি আজন্ম অনুরাগ। দেশের বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন প্লাটফর্মে নিয়মিত লিখছেন—কখনাে। গল্প, কখনাে ভ্রমণকাহিনি। পছন্দ : বইপড়া, আড্ডা, ভ্রমণ এবং গান । অপছন্দ : মৌলবাদ আর কানে খাটো মানুষ। প্রকাশিত গ্রন্থ— সন্ধ্যার মেঘমালাপ (অন্যপ্রকাশ), পথে যেতে ডেকেছিলে (অন্যপ্রকাশ), পরানে বাজে বাঁশি (অন্যপ্রকাশ), আকাশের আড়ালে আকাশ। (অন্যপ্রকাশ), পুতুলের সংসার (অন্যপ্রকাশ), পথে যেতে ডেকেছিলে (অন্যপ্রকাশ), ওল্ড ফুলস ক্লাব (অবসর প্রকাশনী), দ্যা সানবার্ড (পাঞ্জেরি প্রকাশনী)।