বইটির বিবরণ
রামায়ণ মহাকাব্যটি আসলে প্রাচীন ভারতের রাজা-প্রজাদের যাপিত জীবনের আখ্যান। আদিকালে দেবদেবী, সর্প-গন্ধর্ব, অসুর-রাক্ষসদের সঙ্গে সংগ্রাম করে মানুষের টিকে থাকতে হয়েছে। সে কালের মানুষদের ধর্মাচার, কৃষি, সংঘাত, সংগীত, সাহিত্য, সামাজিকতা ইত্যাদি বোঝার জন্য রামায়ণ একটি আকর গ্রন্থ। তৎকালীন সমাজে প্রচলিত ন্যায়বোধ, নীতিজ্ঞান, রাজকর্তব্য, ভক্তিমার্গ ইত্যাদি এই মহাকাব্যের পাতায় পাতায় লেখা রয়েছে। আদিপর্ব থেকে শুরু করে অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, সুন্দর, যুদ্ধ ও উত্তরপর্বসহ সাতটি পর্বই ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। সাধারণ পাঠকদের কথা মনে রেখেই সহজ ভাষায় এই বইটি লেখা। তবে গবেষকশ্রেণির পাঠকরাও বঞ্চিত হবেন না। আর যাঁরা ধর্মকথা মনে করে পড়বেন, তাঁরা ভক্তিমার্গে পৌঁছাবেন। আবার যাঁদের পুরাণকথা জানার আগ্রহ, তাঁরাও তৃপ্ত হবেন। রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ, হনুমান প্রমুখরা রামায়ণ মহাকাব্যের অন্যতম প্রধান চরিত্র। পিতার আদেশে রামচন্দ্র সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বনবাসে যান। সেখান থেকে রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করে তার রাজধানী লঙ্কাপুরীতে নিয়ে যায়। পরবর্তী কালে বানর সেনাদলসহ সমুদ্র পাড়ি দিয়ে রামচন্দ্র রাক্ষসদের দেশ লঙ্কায় পৌঁছান। সেখানে লক্ষ-কোটি ভয়ংকর রাক্ষসদের সঙ্গে রামের এক মহাযুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধে বিজয়ী রাম রাক্ষসরাজ রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করেন। দেবতাদের ইশারায় জগৎসংসারে দুষ্টের দমনের জন্যই রামচন্দ্র সেই যুদ্ধটি করেছিলেন। রামায়ণ মহাকাব্যটি হলো সেই যুদ্ধকথা। সহজিয়া রামায়ণ তারই সহজ-সাধারণ শিল্পসুষম বর্ণনা।
লেখকের পরিচিতি

গোপালগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে সাজ্জাদ আলীর জন্ম । পরিবারের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। উচ্চ মাধ্যমিকের পরে তাঁর পড়াশোনা আমেরিকা ও কানাডায়। বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস। তিনি পেশায় আবাসন কেনাবেচার ব্রোকার, আর নেশায় সংস্কৃতি সংগঠক ও শিল্প-রসিক। দেড় যুগেরও বেশি সময় ধরে সাজ্জাদ আলী লেখালেখি নিয়ে আছেন। সমাজ, রাজনীতি, সংগীত, শিল্প ইত্যাদি তাঁর লেখার বিষয়। নর্থ আমেরিকান প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। এছাড়া, বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ ২৪, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই অনলাইন, সমকাল ইত্যাদি সংবাদমাধ্যমেও তাঁর লেখা প্রকাশিত হয়। সাজ্জাদ আলী দুই যুগ ধরে বহির্বিশ্বে, বিশেষ করে নর্থ আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করছেন। ২০০৫ সালে তিনি বাংলা টেলিভিশন কানাডা নামের প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেন। বাংলা টিভি বাংলা ভাষায় নিয়মিত অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে থাকে। লেখক ও ব্রডকাস্টার হিসেবে হিসেবে নর্থ আমেরিকাজুড়ে তাঁর রয়েছে সম্মানজনক পরিচিতি। ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলা বিভাগ ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন একাধিকবার সাজ্জাদ আলীর ইন্টারভিউ প্রচার করেছে।