বইটির বিবরণ
কিসমতপুর হাইস্কুলে 'দুষ্টের শিরোমণি' খেতাব পাওয়া ছাত্র লাবু। তার দুষ্টুমিতে ত্যক্ত-বিরক্ত হয়ে স্বয়ং ডেপুটি হেডস্যার আনুষ্ঠানিকভাবে লাবুকে এই খেতাবে ভূষিত করেছেন। খেতাবের সাথে পাল্লা দিয়ে বাড়ে লাবুর দুষ্টুমি। লজিক লাবুর মূল বৈশিষ্ট্য হলো, বিভিন্ন পরিস্থিতিতে তার যৌক্তিক বাক্যালাপ আর বুদ্ধির ফাঁদে ফেলে অন্যদের নাকানিচুবানি খাওয়ানো। কখনো স্কুলের টিচার, কখনো-বা তার সহপাঠীরা লাবুর চিকন বুদ্ধির শিকার হয়েছে আর জন্ম দিয়েছে দারুণ মজার সব ঘটনা। এসব মজাদার ঘটনার বিবরণ পাওয়া যায় অনবদ্য লজিক লাবু সিরিজের কিশোর উপন্যাসগুলোর পাতায় পাতায়।
এই সিরিজের প্রথম বইয়ে দুষ্টের শিরোমণির নানাবিধ কাহিনি পেরিয়ে দ্বিতীয় বই সিন্দুকের সন্ধানে কিসমতপুর হাইস্কুলের সরকারি হওয়া নিয়ে একটি রহস্য ঘোরে, যা সমাধান করে লাবু ও তার বন্ধুরা। বাবুদের বাজিমাত হলো তৃতীয় বই। এই বইয়ে হেডস্যারের বদলি ঠেকায় বুদ্ধিমান লাবুর দল। স্কুলের শিক্ষক 'গুপ্তবাবু' গুপ্তধন খুঁজে পান এবং এরপর নানা রহস্য ও মজার ঘটনা ঘটতে থাকে। সেই সব ঘটনার দেখা মেলে চতুর্থ বই গুপ্তবাবুর গুপ্তধন-এ। স্কুলের প্রধান শিক্ষকের আলমারি থেকে মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। এরপর লজিক লাবু ও তার বন্ধুদের চুরি রহস্য সমাধানের দেখা মেলে পঞ্চম বই স্বর্ণচুরি রহস্য-তে। এই পাঁচটি কিশোর উপন্যাস একসঙ্গে করে এবার বের হলো লজিক লাবু সমগ্র ১।
লেখকের পরিচিতি

পলাশ মাহবুব লেখালেখি করছেন প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে। শুরুটা ছড়া দিয়ে। এরপর গল্প; ছোট-বড় সবার জন্য। উপন্যাস লেখার শুরু তার কিছু পর থেকে। ‘লজিক লাবু’, তার জনপ্রিয় কিশোর সিরিজ। টেলিভিশনের জন্য নাটক লিখছেন অনেক বছর ধরে। বর্তমানে দেশের জনপ্রিয় নাট্যকারদের মধ্যে তিনি একজন। রম্য লেখায় পলাশ মাহবুবের আছে নিজস্ব কথনভঙ্গি। সাবলীল ভাষা আর বক্তব্যের তীক্ষ্ণতা তাঁর লেখার সৌন্দর্য। অনুষ্ঠান নির্মাতা হিসেবেও পলাশ মাহবুব একটি অগ্রগণ্য নাম। টেলিভিশনের জন্য দুই হাজারেরও বেশি অনুষ্ঠান নির্মাণ করেছেন। লেখালেখির জন্য পেয়েছেন সম্মানজনক অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ড, এসিআই-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কারসহ আরও কিছু সম্মাননা। নির্মাতা হিসেবে পেয়েছেন নাট্যসভা পদক। পলাশ মাহবুব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সাংবাদিকতা আর অনুষ্ঠান নির্মাণের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার সিউলে। আছে খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা। পলাশ মাহবুব বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট ও দৈনিক সারাবাংলা’র উপ সম্পাদক। পাশাপাশি সিসিমপুরের গণমাধ্যম পরামর্শক হিসেবেও কাজ করছেন তিনি।