বইটির বিবরণ
নারী মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন অভিজ্ঞতার বয়ান নিয়ে রচিত একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি গ্রন্থটিতে বাংলাদেশের বিয়াল্লিশজন নারীর স্মৃতিকথা সংকলিত হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ '৭১-এর কেন্দ্রীয় নারী কমিটির উদ্যোগে সংকলিত এই গ্রন্থটির সম্পাদনা করেছেন ঝর্না রহমান। একাত্তরের মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ হলেও নারী মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কিত তথ্য ও ঘটনাপঞ্জি পরিপূর্ণভাবে আজও সংরক্ষিত হয়নি। দেরিতে হলেও এই গ্রন্থটিতে সেই অনালোকিত অধ্যায়ের অনেকটাই আলোকিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে গেলে নারী মুক্তিযোদ্ধাদের অবদানকে বাদ দিলে চলবে না। এ বইটিতে নারী মুক্তিযোদ্ধাদের কাজের ধরন, সমস্যা, প্রতিবন্ধকতা, সাহসিকতা ইত্যাদি মিলিয়ে প্রকৃত প্রতিকৃতি প্রতিফলিত হয়েছে। জনযুদ্ধে অংশ নেওয়া সব শ্রেণির মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশের নারীরাও যে অসামান্য দেশপ্রেম ও বীরত্বের স্বাক্ষর রেখেছেন, তার পূর্ণাঙ্গ ইতিহাস আজও লেখা হয়নি। এ বই হয়তো সে অভাব অনেকটাই পূরণ করবে। সে অর্থে গ্রন্থটি হতে পারে ইতিহাসের একটি জীবন্ত দলিল। গ্রন্থে বর্ণিত নারী মুক্তিযোদ্ধারা শুধু ইতিহাসের অংশই নন, তাঁরা ইতিহাস গড়েছেন। এ বইয়ের পাতায় পাতায় পাঠক পাবেন মহাকালের প্রেক্ষায় জেগে থাকা একাত্তরের যুদ্ধদিনের ছবি। পাবেন প্রতি মুহূর্তে শঙ্কায় সংকটে অনিশ্চয়তায় ভরা তৎকালীন গণমানুষের দুঃসহ জীবনচিত্র।
লেখকের পরিচিতি

একজন বহুমাত্রিক লেখক। প্রবন্ধ, নিবন্ধ, নাটক, ভ্রমণ, ছোটোগল্প, উপন্যাস, শিশুসাহিত্য, অনুবাদ সব শাখাতেই তাঁর বিচরণ। আশির দশক থেকে লেখালিখির শুরু। পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় ধরে লিখে চলেছেন। গল্প, উপন্যাস, কবিতা ও অন্যান্য মিলিয়ে এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০।
সাহিত্যে নির্মাণ করে চলেছেন স্বতন্ত্র ভাষাশৈলী। মানুষ আর সমাজকে নিবিড় দৃষ্টি নিয়ে দেখেন। গভীর অভিজ্ঞতা থেকে জীবন ছেঁকে তুলে আনেন। সমাজের অবক্ষয়, মানবিকতার বিনাশ, নৈতিকতা ও মূল্যবোধের ধস তাঁকে ব্যথিত করে।
'পরণকথা' ও 'ত্রৈমাসিক অগ্রসর বিক্রমপুর' নামের দুটি নিয়মিত ছোটোকাগজের সম্পাদনা করেন। এছাড়া 'পাক্ষিক অনন্যা'র সাহিত্য বিভাগের প্রাক্তন সম্পাদক।
কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কারসহ আরও কয়েকটি পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। পেশা অধ্যাপনা। বর্তমানে অবসরপ্রাপ্ত।
জন্ম তারিখ ২৮ জুন ১৯৫৯। মা রহিমা বেগম, বাবা মো মোফাজ্জল হোসেন। গ্রামের বাড়ি কেওয়ার, মুন্সিগঞ্জ।