বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা

06:00 PM - 08:00 PM

দ্য লার্নিং নেশন- মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

সময়: সন্ধ্যা ৬:০০টা, ৪ মে, ২০২৬

স্থান: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা

 

বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপির দীর্ঘ গবেষণালব্ধ গ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’- এর বর্ণাঢ্য প্রকাশনা উৎসব আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা ৬:০০টায় এই প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি শুরু হবে।

 

‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’ একটি নীতিনির্ধারণমুখী ও গবেষণাভিত্তিক বই। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কেন বার বার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তার কারণ নিরূপণ ও সমাধানে বাস্তবসম্মত প্রস্তাবনা এই গ্রন্থে বিধৃত হয়েছে।

 

প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানটির প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বরেণ্য শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জনাব ড. মাহবুব উল্লাহ।

 

অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের পর বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে। এরপর শুরু হবে প্রাণবন্ত আলোচনা পর্ব, যেখানে বিশ্লেষণধর্মী বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ, গণস্বাক্ষরতা অভিযান-এর নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব রাশেদা কে চৌধূরী, বিশিষ্ট অর্থনীতিবিদ জননীতি বিশ্লেষক ও সেন্টার ফর পলিসি ডায়লগ-এর সম্মানিত ফেলো জনাব দেবপ্রিয় ভট্টাচার্য, জনপ্রিয় লেখক ও চিন্তাবিদ জনাব অধ্যাপক সলিমুল্লাহ খান, জননন্দিত সাহিত্যিক, কলামিস্ট ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক জনাব আনিসুল হক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুর নূর তুষার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ডা.জাহেদ উর রহমান।

 

এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করবেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচনের তাৎপর্যপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘটবে।