বইটির বিবরণ
তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে আফ্রিকার আদিবাসী লোকগল্পের একটি ইংরেজি সংকলন প্রকাশিত হয়েছিল ষাট বছর আগে। সেখান থেকে কয়েকটি গল্পের শিশু-কিশোরদের উপযোগী করে রূপান্তর করা হয়েছে। আফ্রিকার লোককাহিনি মূলত পশুপাখিদের নিয়ে রচিত। এই ভূখণ্ডের কুশলী গল্পকথকরা পশুপাখির মুখে নানান নীতিকথা ও প্রাচীন আফ্রিকীয় ঐতিহ্যের কাহিনি বলিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করার দক্ষতা রাখতেন। এছাড়া গোত্রপ্রধান ও সমাজের প্রাচীন লোকদের ন্যায়পরায়ণতা বা বুদ্ধিমত্তার নানা গল্পকাহিনি বর্ণনাও আফ্রিকার লোকগল্পের অন্যতম বৈশিষ্ট্য। আমরা জানি, আফ্রিকা মহাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষকে ক্রীতদাস হিসেবে পৃথিবীর নানা দেশে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মাধ্যমেই পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল আফ্রিকার লোককাহিনির এই রত্ন ভাণ্ডার। অনুবাদক সহজ ও সাবলীল ভাষায় লোকগল্পগুলো পাঠকের কাছে তুলে ধরেছেন।
অনুবাদকের পরিচিতি

সৈয়দ নজমুল আবদাল শিশুদের জন্য বেশ কিছু বই লিখেছেন। ৭০ এর দশকের শেষের দিকে, তার সাধারণ বিজ্ঞানের বইগুলি প্রকাশিত হয়েছিল, সময়ের সাথে সাথে তিনি সুপরিচিত হয়ে উঠেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ইত্তেফাক গ্রুপের বই প্রকাশনা প্রতিষ্ঠান বিবিআই-এ প্রকাশনা কর্মকর্তা হিসেবে কাজ করেন। কিছু কাল সাংবাদিকতা করেছেন সাপ্তাহিক রোববার এবং দৈনিক প্রথম আলো পত্রিকায়। তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে উপকরণ উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি ইউনিভার্সিটি অফ লিডস এবং নরউইচ, যুক্তরাজ্যের বেল ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ব্রিটিশ সরকারের অধীনে কারিগরি সহযোগিতা প্রশিক্ষণ ব্যবস্থার সহায়তায় বেশ কয়েকটি কোর্সে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থায় সম্পাদক হিসেবে কর্মরত আছেন।