বইটির বিবরণ
আমাদের দৈনন্দিন জীবনযাপনে জটিলতা থাকবেই। এই সব জটিলতা থেকে সৃষ্ট মানসিক চাপও থাকবে। জীবনযুদ্ধে তিনিই জয়ী হবেন যিনি মানসিক চাপের প্রতিটি পর্বকে সহজভাবে গ্রহণ ও নিয়ন্ত্রণ করতে পারেন। অভিজ্ঞ চিকিৎসক ডা. তপতী মণ্ডল এবং জনপ্রিয় কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস তাঁদের যৌথ লেখনীর মাধ্যমে দিয়েছেন মানসিক চাপ নিয়ন্ত্রণের সুলুক সন্ধান। জীবনের নানামুখী জটিলতাকে সহজ করে তুলতে এই বইটি অপরিহার্য ভূমিকা পালন করবে।
লেখকের পরিচিতি

ডা. তপতী মণ্ডল। পিরোজপুর জেলার পাড়ের হাটের বাদুরা গ্রামে তাঁর জন্ম। বাবা ডা. হরেকৃষ্ণ মণ্ডল এবং মা বিজলী বালা মণ্ডল অবসরপ্রাপ্ত অধ্যাপক । তিনি হলিক্রস স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্রী। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিউক্লিয়ার মেডিসিনে এমফিল ডিগ্রি অর্জন করেন। দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান থেকে তিনি নিউক্লিয়ার ইমেজিংয়ের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (দ্য অস্টিন হসপিটাল) থেকে মলিকিউলার অ্যান্ড কার্ডিয়াক ইমেজিং বিষয়ে ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (বিএসএমএমইউ ক্যাম্পাস) সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। দুই ছেলে অনিকেত ও অগ্নিশ এবং স্বামী সুসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস। অবসর সময়ে তিনি প্রচুর বই পড়েন, গান শোনেন এবং ভ্রমণ করতে পছন্দ করেন।

অরুণ কুমার বিশ্বাস এক্স-নটরডেমিয়ান, ইংরেজি সাহিত্যে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স করেন লন্ডনে। লেখালেখির শুরুটা তার কলেজকাল থেকেই। তিনি অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ। ঘুরতে পছন্দ করেন। নতুন দেশ নতুন মানুষ তার আগ্রহের বিষয়। বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে শিশু-কিশোরদের জন্য লিখছেন ছড়া, কবিতা, অ্যাডভেঞ্চার, উপন্যাস, ভুতুড়ে ও গোয়েন্দাগল্প। পেশাগত কাজের ফাঁকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) তিনি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখছেন। তিনি আড্ডার আমেজে জম্পেশ গল্পও বলেন। একসময় বিতর্ক করতেন। জীবন সম্পর্কে তিনি রীতিমতো কৌতুহলী। যাপিত জীবনের অলিগলি রাজপথ- সবখানে তার অবাধ বিচরণ। বাস্তবে না হোক, কল্পনায় তো বটেই। রোমাঞ্চকর লেখার বাইরেও তিনি ছোটোগল্প, প্রবন্ধ, উপন্যাস লেখেন। তাঁর জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া থানাধীন জহরের কান্দি গ্রামে। স্ত্রী ডা. তপতী মণ্ডল। দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে। পুরো লেখক পরিবার।