বইটির বিবরণ
বিশিষ্ট কবি পৃথ্বীরাজ চৌধুরী তাঁর ইতি অপু কাব্যগ্রন্থে কোনো নির্দিষ্ট জনরার কবিতা লেখেননি। বরং বিচিত্র বিষয় ও কাব্যিক ভাবনার সম্মিলন ঘটিয়েছেন। জীবন ও প্রকৃতির রূপান্তর, সময়ের প্রবাহে মানুষের অনুভূতির পরিবর্তন- সবকিছুই তাঁর কবিতায় অনন্য সংবেদনশীলতায় ধরা দিয়েছে। প্রাণ, প্রকৃতির রূপবদলের দৃশ্য যেমন তিনি নিপুণভাবে এঁকেছেন, তেমনি প্রকৃতির বর্ণনায় কবিতাকে জীবন্ত, স্পন্দিত ও হৃদয়গ্রাহী করেছেন। প্রতিবাদের জন্য কবি ভিন্ন ভাষা চয়ন করেছেন যেখানে উচ্চকণ্ঠ নয়, বরং প্রেমের জয়জয়কার। যেন বা 'আমার এই ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর' এমন। দেখিয়েছেন স্বপ্ন, যা কখনো ব্যক্তিগত, কখনো সমষ্টিগত-মানবতার মুক্তি আর আত্ম-অনুসন্ধানের পথ নির্দেশ করে। একেকটি কবিতা যেন শৈশবকাতরতা, ঈশ্বরপ্রেম, মানবতাবাদ আর নরম হৃদয়ের দৃশ্যকাব্য। যেন একেকটা ছোটো জগৎ যেখানে নস্টালজিয়া, মমতা, দুঃখবোধ আধ্যাত্মিকতা আর বাস্তবজীবনের মিশ্রণে এক নতুন কাব্যিক অভিজ্ঞতা হয়। ইতি অপু তাই সময়, স্মৃতি ও অনুভূতির এক সজীব ভ্রমণ।
লেখকের পরিচিতি

কবি ও অধ্যাপক। বর্তমানে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক। এর আগে হার্ভার্ড বিজনেস স্কুলে ও ওয়ারটন বিজনেস স্কুলে অধ্যাপনা করেছেন। পড়াশোনা করেছেন আইআইটি খড়গপুর ও কলকাতাতে, পিএইচডি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে, আনন্দ পাবলিশার্স, সিগনেট প্রেস ও প্রতিভাস থেকে।
তাঁর লেখা কবিতা পাঠ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়সহ অন্য শিল্পীরা।
পৃথ্বীরাজের জন্ম কলকাতা শহরে, পৈতৃক বাড়ি সিলেট জেলায়।
বর্তমানে লন্ডন শহরে থাকেন।