বইটির বিবরণ
মুখর হৃদয় ও অন্যান্য গল্প বইটিতে রয়েছে বিশ্বের খ্যাতনামা চৌদ্দজন লেখকের সতেরোটি বিখ্যাত ছোটোগল্পের বঙ্গানুবাদ। বিষয় ও আঙ্গিকের দিক থেকে গল্পগুলো বৈচিত্র্যপূর্ণ। অনেক গল্পের অনুবাদ বাংলায় সম্ভবত এই প্রথম।
বইটির প্রথম গল্প 'মুখর হৃদয়'-এর বিষয়বস্তু অপরাধীর মনোজগৎ। 'একটা অর্ধেক কাগজ' গল্পে অসামান্য রচনাশৈলীতে বিধৃত হয়েছে এক তরুণের যাপিত জীবন। 'নেকলেস' ও 'এক ঘণ্টার গল্প'-এর সমাপ্তি এবং চেখভের 'একটি নগণ্য জীবন'-এর চরিত্রচিত্রণ এক কথায় অসাধারণ। 'জাদুর উপহার'-এর বিষয় ভালোবাসার মহিমা। 'ফারকোট' প্রতারিত এক দুঃখী মানুষের কাহিনি। দুটিই মর্মস্পর্শী গল্প। আরেকটি অসাধারণ গল্প 'জঙ্গলে', যার ওপর ভিত্তি করে আকিরো কুরোসাওয়ার বিখ্যাত চলচ্চিত্র রশোমন নির্মিত। 'সারপ্রাইজ'-এ দারিদ্র্যের সঙ্গে যুক্ত অবহেলার চিত্র দৃশ্যমান আর 'একটি শিশুকে হত্যা করা' গল্পে লেখক উপস্থাপন করেন এক মুহূর্তের অসতর্কতা মানুষের জীবনে কী ভয়ংকর প্রভাব ফেলে।
ছোটোগল্পের বিশ্বভান্ডার থেকে বাছাইকৃত এমনই সব গল্প বইটিতে অপেক্ষা করছে পাঠকের জন্য। নিশ্চিতভাবেই পাঠকরা বইটিতে তাঁদের পছন্দের অনেক লেখক ও লেখাকে আবিষ্কার করবেন। আনন্দপাঠের পাশাপাশি তাঁরা এই লেখকদের সম্পর্কে নতুন কিছু জানতেও পারবেন।
লেখকের পরিচিতি

জন্ম পঞ্চাশের দশকে, বাংলাদেশে, কৈশোর ও যৌবন কেটেছে সেখানেই। লেখাপড়া করেছেন কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ, রংপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবনের শুরু বাংলাদেশে, পরে লিবিয়ায় ইংরেজি ভাষার শিক্ষক হিসেবেও চাকরি করেন। বর্তমানে সুইডেনে শিক্ষক, দোভাষী ও জনশক্তি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শেষে অবসরে।
মাহবুব কাদেরী মূলত কবিতা লেখেন এবং সুইডিশ ও ইংরেজি থেকে গল্প, কবিতা অনুবাদ করেন, যা প্রতিধ্বনি, ইরাবতী, দর্পণ, ঘুঙুর, গল্পকার ও দেশ-বিদেশসহ বিভিন্ন সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি অন্য কারও ছায়া (কবিতা) ও স্বপ্নের ভেতরে স্বপ্ন (নানা দেশের অনুবাদ কবিতা) এবং সুইডিশ গল্পের অনুবাদ সংকলন উত্তরের স্বর।
মাহবুব কাদেরী বিশ্বসাহিত্যের একজন অনুরাগী পাঠক। লেখালিখি ও ভ্রমণ করতে ভালোবাসেন। জীবনানন্দ দাশ এবং টি.এস. এলিয়ট তাঁর প্রিয় কবি। জীবনানন্দ দাশের কবিতা সুইডিশ ভাষায় এবং নোবেল পুরস্কারবিজয়ী এক সুইডিশ কবির কাব্যগ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন, যা বর্তমানে মোড়কবন্দির অপেক্ষায়।